
খুলেছে অফিস-কারখানা, রাস্তায় যানজট। দীর্ঘ অশান্তি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলাদেশ। দেশে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিলের ঘোষণা করেছেন শেখ হাসিনা সরকার।
এরপরেই রাজধানী ঢাকা-সহ গোটা দেশে সরকারি-বেসরকারি অফিসগুলি খুলে গিয়েছে।খুলেছে পোশাক কারখানাগুলিও। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছেন, বুধবার এবং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চালু থাকবে। এদিন সকাল থেকেই ঢাকার রাস্তায় অফিসমুখী কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।যার জেরে রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালী-সহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। যার জেরে ভোগান্তির শিকার হয়েছেন আমজনতা।অন্যদিকে, টানা পাঁচ দিন পর বাংলাদেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। কবে দেশব্যাপী ইন্টারনেট চালু হবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কিছু বলতে পারছে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টার পর প্রাথমিকভাবে শুধু রাজধানী ঢাকা ও বাণিজ্যিক শহর চট্টগ্রামের কিছু কিছু এলাকার ব্রডব্যান্ড সংযোগগুলো চালু হয়েছে।
