
দিল্লি বিস্ফোরণের পরেই তদন্তকারীদের নজরে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। এ বার সেই বিশ্ববিদ্যালয়কে কারণ দর্শানোর জন্য নোটিস পাঠিয়েছে ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল।
অভিযোগ, নিজেদের ওয়েবসাইটে অনুমোদনের মিথ্যা তথ্য প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যাক তাদের কোনও অনুমোদন দেয়নি। আল-ফালাহকে পাঠানো শোকজ নোটিসে ন্যাক লিখেছে, ওই কলেজ কখনও অ্যাক্রিডেশন-এর জন্য আবেদন করেনি। তাকে স্বীকৃতি দেয়নি ন্যাক। তারা আরও জানিয়েছে, ওই কলেজের ওয়েবসাইটে লেখা রয়েছে, আল-ফালাহ বিশ্ববিদ্যালয় আল-ফালাহ দাতব্য ট্রাস্টের উদ্যোগে তৈরি। এর ক্যাম্পাসে তিনটি কলেজ চালানো হয়— আল ফালাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ব্রাউন হিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আল-ফালাহ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। শোকজ নোটিসে ন্যাক জানিয়েছে, নিজেদের ওয়েবসাইটে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের দেওয়া এই তথ্য ভুল।
পড়ুয়া, অভিভাবক, অংশীদারদের ভুলপথে তা চালিত করছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা তলব করেছে ন্যাক।








