
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সামরিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করায় আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ইরানি ঘোষণা এবং লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হুথি বিদ্রোহীদের আক্রমণের পর এশিয়ান বাজারে জ্বালানি তেলের দাম গত ছ’ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২.৩ শতাংশ বা ২.২ ডলার বেড়ে ৯৬.২৭ ডলারে দাঁড়িয়েছে, যা ৮ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, ডব্লিউটিআই ক্রুডের দাম ১.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৮৮.৪৮ ডলারে। এর আগের দিনও লেনদেনের শেষভাগে উভয় ধরনের তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।
পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে যখন ইরানের বিপ্লবী গার্ডস কোর ,আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির দক্ষিণে তাদের পেতে রাখা মাইন এড়াতে গিয়ে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। একই সময়ে আরও দুটি বড় ট্যাংকার দিক পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়। আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, হরমুজ প্রণালী এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এবং লোহিত সাগরে মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকা পর্যন্ত এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইরানের অনুমোদন ছাড়া কোনো তেলবাহী জাহাজ এই জলসীমায় প্রবেশ বা বের হতে পারবে না।
