‘প্রেমিক’ রাজের সঙ্গে সোনমের সেলফি প্রকাশ্যে

0
178
ছবি সৌজন্যে : এক্স

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনিই, শেষ পর্যন্ত তদন্তকারী বিশেষ দলের জেরার মুখে স্বীকার করেছেন মূল অভিযুক্ত সোনম রঘুবংশী। পুলিশ সূত্রে খবর, ধরার পড়ার পর খুনের কথা অস্বীকার করলেও হত্যাকাণ্ডের একাধিক প্রমাণ সামনে আনতেই এবং প্রেমিকের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতেই কান্নায় ভেঙে পড়েছেন তরুণী।

এর মধ্যে মধুচন্দ্রিমায় হত্যাকাণ্ডে ধৃত সোনম রঘুবংশী এবং তাঁর কথিত প্রেমিক রাজ সিংহ কুশওয়াহার একটি যুগল-ছবি প্রকাশ্যে এসেছে। দু’জনের গ্রেফতারির পরে জুটির পুরনো ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ওই ছবিতে দু’জনকে একসঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে। এদিকে মেঘালয় পুলিশের দাবি, ঘটনার সময় রাজ সেখানেই ছিলেন। তবে রাজের কী ভূমিকা ছিল, তা তদন্তসাপেক্ষ।রাজ এবং সোনমের মধ্যে প্রেমের সম্পর্কের জেরেই রাজাকে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও পুলিশ জানিয়েছে, দু’জনের মধ্যে যোগাযোগ ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত সোনম, রাজ এবং বাকি তিন জনকেও ইতিমধ্যে মেঘালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজার খুনের নেপথ্যে তাঁদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

মেঘালয়ের ইস্ট খাসি হিল্‌স জেলার পুলিশ সুপার বিবেক সিয়েম জানিয়েছেন, খুনের ঘটনায় সোনমের যোগ রয়েছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে পুলিশের কাছে।তবে তিনি কতটা জড়িত ছিলেন, কী ভূমিকা ছিল, তা তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে জানা যাবে।