
বেলেঘাটার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে বৃদ্ধা ও তাঁর পোষ্যের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ৭৫-র অমিতা দাস। বেলেঘাটার আরএন সিংহ রোডের একটি আবাসনের চারতলার ফ্ল্যাটে থাকতেন তিনি। এদিন ঘরে পোষ্যের সঙ্গে ছিলেন বৃদ্ধা। পাশের ঘরে মেয়ে ও জামাই ছিলেন। সাড়ে আটটা নাগাদ আচমকাই আচমকাই আগুন লাগে। তড়িঘড়ি ছুটে যান সকলে। ততক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করেছে লেলিহান শিখা। ছড়িয়েছে পাশের ফ্ল্যাটেও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল। মুহূর্তের মধ্য়ে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় তাঁদের।
কোনওক্রমে দগ্ধ অবস্থায় প্রথমেই বৃদ্ধাকে উদ্ধার করে আধিকারিকরা তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন।







