
পুলওয়ামায় শহিদ জওয়ান-র মেয়ের বিয়ের দায়িত্ব পালন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন শহিদ হেমরাজের মেয়ে রীনা মীনার। মামার ভূমিকা পালন করার পাশাপাশি গোটা বিয়ের অনুষ্ঠানে তদারকিও করেছেন তিনি। শুক্রবার রাজস্থানের কোটার সাঙ্গোদ গ্রামে রীনার বিয়েতে পৌঁছন তিনি। সেখানে কনের মায়ের ভাইয়ের ভূমিকায় হিন্দু রীতি ভাত বা মাইরা পালন করেন।
আপাতত ভালবাসা, আশীর্বাদ ও প্রশংসা কুড়োচ্ছেন সকলের। তাঁর সঙ্গে এদিন বিয়েতে উপস্থিত হয়েছিলেন রাজস্থানের বিদ্যুৎ মন্ত্রী হীরালাল নাগরও। তিনি এবং হীরালাল নাগর মধুবালাকে উপহারস্বরূপ একটি ওড়নি এবং অন্যান্য সামগ্রী তুলে দেন। মধুবালাও ভাইয়ের মর্যাদা দিয়ে তাঁদের কপালে তিলক দেন ও আরতি করেন।
মধুবালার ভাইয়ের মতোই সমস্ত সামাজিক দায়িত্ব পালন করেন লোকসভার স্পিকার। প্রতিটি আচার-অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ২৫ বছর বয়সি রীনা মীনার বাবা হেমরাজ ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলায় শহিদ হন।








