
ওমানের শিল্পাঞ্চলে ড্রোন হামলায় দু’জন ভারতীয়েরর মৃত্যু হয়েছে,নিশ্চিত করেছে ভারত। এই হামলায় আরও ১০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের উপসাগরীয় যুগ্মসচিব অসীম মহাজন বলেছেন, আহতদের মধ্যে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
তবে বাকি পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। হামলাটি হয়েছে ওমানের মাস্কাট থেকে ২০০ কিলোমিটার দূরে সোহার শহরে।এদিকে,হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ৩ ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে, আরও এক ভারতীয় নিখোঁজ রয়েছেন। পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কে সিনহা জানিয়েছেন, মোদি সরকার প্রণালীর ভিতরে ও আশপাশে চলাচলকারী ভারতীয় জাহাজগুলির উপর সর্বক্ষণ নজরদারি বজায় রেখেছে।হরমুজ প্রণালী দিয়ে ভারতে আসছিল ময়ুরী নারী নামের পণ্যবাহী জাহাজ। যেটিতে ছিল থাইল্যান্ডের পতাকা। সূত্রের খবর,ওই জাহাজটি গুজরাট উপকূলের দিকে বহু অতিপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। সেসময় আচমকা সেটির উপর হামলা হয়।
তবে কারা হামলা চালিয়েছে সেটা জানা যায়নি। এই হামলায় দুই ভারতীয়র মৃত্যুর বিষয় নিশ্চিত করেন রণধীর। অন্যদিকে, আবার ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন পেন্টাগনের প্রধান তথা মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ। তাঁর দাবি, শুক্রবারই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে আমেরিকা। দিন দুয়েক আগেও একই দাবি করেছিলেন হেগসেথ।
