
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স-এর সদ্যনির্বাচিত পরিষদীয় দলনেতা ওমর আবদুল্লা।
এনসির পাশাপাশি কংগ্রেস, সিপিএম-সহ সহযোগী দলগুলির নবনির্বাচিত বিধায়কদের সমর্থনের তালিকাও লেফটেন্যান্ট গভর্নরকে জমা দিয়েছেন তিনি।জানা গিয়েছে, বুধবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন ওমর আবদুল্লা। এর আগে ২০০৯-১৪ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তবে জম্মু-কাশ্মীর সে সময় পূর্ণাঙ্গ রাজ্য ছিল।২০১৪ সালের পর এই প্রথম বিধানসভা ভোট হয়েছে জম্মু-কাশ্মীরে। আর তাতে ক্ষমতা ফের চলে এল আবদুল্লা পরিবারের হাতে। ৯০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৪৬টি আসন।
এরমধ্যে মঙ্গলবারের গণনায় প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং তাঁর পুত্র ওমর আবদুল্লার দল এনসি জিতেছে ৪২টিতে। সহযোগী কংগ্রেস ছয় এবং সিপিএম একটিতে।
ছবি সৌজন্যে : নিজস্ব








