
রামনবমীতে অযোধ্যায় ভক্তির জোয়ার। শুক্রবার রাম জন্মভূমি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বহু প্রতীক্ষিত সূর্য তিলক অনুষ্ঠান। ঠিক দুপুর ১২টায় সূর্যের আলো সরাসরি রামলালার কপালে পড়ে তৈরি করে উজ্জ্বল তিলক,যা ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন লক্ষ লক্ষ ভক্ত।
সরকারি হিসেবে, সকাল থেকেই প্রায় পাঁচ লক্ষ ভক্ত অযোধ্যায় ভিড় জমিয়েছেন। শহরজুড়ে শুধুই জয় শ্রী রাম ধ্বনি। ভোর থেকে পবিত্র স্নান সেরে ভক্তরা পৌঁছন মন্দিরে পুজো দিতে। রামনবমী উপলক্ষে রামলালার দর্শন ও সূর্য তিলক প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রার্থনাও করেছেন মন্দিরে। উল্লেখ্য এই সূর্য তিলক অনুষ্ঠানের বিশেষত্ব প্রযুক্তি আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে। উন্নত আয়না ও লেন্স ব্যবস্থার মাধ্যমে সূর্যের রশ্মি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে এবং কয়েক মিনিটের জন্য দেবতার কপালে তিলক আঁকে। এই বিরল দৃশ্য ভক্তদের কাছে ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসেবেই ধরা হয়।
যাতে আরও বেশি মানুষ এই মুহূর্তের সাক্ষী থাকতে পারেন, তার জন্য শহরের বিভিন্ন প্রান্তে লাইভ স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ। ফলে মন্দির চত্বরে না থাকলেও হাজার হাজার মানুষ এই বিশেষ অনুষ্ঠান উপভোগ করেন। এদিকে দিনভর অযোধ্যায় ছিল ভক্তদের ঢল। দূরদূরান্ত থেকে আগত মানুষের ভিড়ে উপচে পড়ে শহর। পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে প্রশাসন। গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।





