২০ তম দিনে ওয়াংচুককে অনশন ভাঙার আর্জি কংগ্রেসের 

0
27
ছবি সৌজন্যে : এক্স
নিজে থেকে উঠে বসার ক্ষমতাও হারিয়েছেন, তবু এক টানা অনশনের ২০তম দিনেও নিজের দাবিতে অনড় সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার ঝুঁকির কথাও বারংবার মনে করাচ্ছেন চিকিৎসকেরা।
সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আর্জি কংগ্রেসের। বৃহস্পতিবার সিজেপি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আবেগপ্রবণ হয়ে বলেছেন, মুখেও আনতে চাই না এমন কথা, তবু বলছি সোনম ওয়াংচুক মৃত্যুশয্যায়’। সমাজকর্মী ও শিক্ষাবিদের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আনুষ্ঠানিক ভাবে পাশে এসে দাঁড়াল কংগ্রেসও। সোনমের সমর্থনে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বিবৃতি দিয়ে বলেছেন, তাঁর যন্ত্রণা ও ক্ষোভ কংগ্রেসেরও। কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতির কথা ভেবে অনুরোধ করছি, অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যান।’ তিনি আশ্বাস দেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। কংগ্রেস শিবিরের তরফে ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন জানানো হলেও, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এখনও যন্তর মন্তরের আন্দোলনস্থলে না যাওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।
ইতিমধ্যেই সোনম ওয়াংচুক তাঁর সমর্থকদের ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তিনি এই আন্দোলনে সামিল হয়েছেন। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে তাঁর দাবির বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।