
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি আবারও কিম জং উনকে তাদের সাধারণ সম্পাদক হিসেবে বেছে নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে এই ঘোষণা আসে। তবে কিম পরিবার ১৯৪০ এর দশকের শেষ দিক থেকে দেশটি শাসন করে আসছে, তাই এ সিদ্ধান্তে খুব একটা বিস্ময়ের কিছু ছিল না।২০১১ সালে তার বাবা কিম জং ইল-২-এর মৃত্যুর পর কিম জং উন ক্ষমতায় আসেন। এরপর তিনি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যাপক বিনিয়োগ করেন, যার ফলে পিয়ংইয়ং পশ্চিমি বিশ্ব, বিশেষ করে আমেরিকার জন্য আরো বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। উল্লেখ্য,১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস এখন চতুর্থ দিনে চলছে। ধারণা করা হচ্ছে,এ সময় কিম দেশের অস্ত্র কর্মসূচির পরবর্তী ধাপ ঘোষণা করবেন। এদিকে কংগ্রেস শুরুর আগে উত্তর কোরিয়া দাবি করেছে,তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের একটি নতুন ভার্সন লঞ্চ করেছে।
গত এক দশকে প্রতি পাঁচ বছরে একবার করে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫ হাজার প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এ কংগ্রেস উত্তর কোরিয়ার ক্ষমতার কাঠামো সম্পর্কে বিরল ধারণা দেয়, যা সাধারণত বাইরের বিশ্বের কাছে অত্যন্ত অস্পষ্ট।এই বৈঠকগুলোকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হয়।
