
মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে।
পুলিশ সূত্রে খবর, নিজের বাবাকে মিথ্যে মামলায় ফাঁসানোর উদ্দেশে গত শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত মহিলা চিকিৎসককে তিনি জানান, তাঁর বাবার হাতে স্ত্রী আক্রান্ত হয়েছেন। এই মর্মে রিপোর্ট লিখে চাপ দিতে থাকেন ওই ব্যক্তি। মহিলা চিকিৎসক তা করতে অস্বীকার করায় অভিযুক্ত তাঁকে হুমকি দেন, শাসানও। মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি করারও চেষ্টা করেন বলে অভিযোগ। এর পরেই শনিবার পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা চিকিৎসক। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতকে পেশ করা হয়েছিল কালনা মহকুমা আদালতে। বিচারক ধৃতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
