
অত্যাধিক কাজের চাপে নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন নদিয়ার এক মহিলা বিএলও। পুলিশ সূত্রে খবর, মৃত বিএলও রিঙ্কু তরফদার, বছর ৫৪।
জানা গিয়েছে, রিঙ্কু তরফদার নদিয়ার চাপড়ার বাঙ্গালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষক। চাপড়া দুই পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন। কৃষ্ণনগর ষষ্ঠীতলায় থাকতেন। শুক্রবার রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এরপরই শনিবার সকালে তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, বিএলও-র কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে। তা তাঁর পক্ষে নেওয়া সম্ভব নয়। তাঁর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন রিঙ্কু তরফদার।
একইসঙ্গে তাঁর মৃত্যুর জন্য পরিবারের কেউ দায়ী নয় জানিয়ে রিঙ্কু লিখেছেন, তাঁর স্বামী, ছেলে, মেয়ে কেউ দায়ী নয়। ওরা তাঁকে যথেষ্ট যত্নেই রাখে। তিনি বাঁচতে চান জানিয়ে রিঙ্কু লিখেছেন, তিনি বাঁচতে চান। তাঁর সংসারে কোনও অভাব নেই।









