
সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে লন্ডনের উদ্দেশে উড়ানের পরই অদূরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ২৪২ জন যাত্রী। সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নীচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে।বিমানটি বোয়িং সংস্থার বি৭৮৭ ড্রিমলাইনার বিমান ছিল।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি অহমদাবাদের টার্মিনাল ২ থেকে ছেড়েছিল।৯ ঘণ্টা ৪৫ মিনিটের উড়ান শেষে সেটির নামার কথা ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে। এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ ২৯০ থেকে ৩০০ জন যাত্রী থাকতে পারেন। জানা গেছে লোকালয়ের মধ্যে বিমানে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মাটিতে আছড়ে পড়ার পর দাউ দাউ করে জ্বলতে শুরু করে বিমানটি।বিস্তীর্ণ অংশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। যানজট সৃষ্টি হয় রাস্তায়। গলগল করে বেরিয়ে আসতে দেখা যায় কালো ধোঁয়া।ভয়াবহ এই দুর্ঘটনার পর অকুস্থলের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে ধরা পড়েছে বিমানটি আছড়ে পড়ার পর তা একটি বহুতলের উপর আটকে গিয়েছে।বিমানের সামনের অংশটি আটকে গিয়েছে বহুতলে।বহুতলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুড়ে কালো হয়ে গিয়েছে দেওয়ালগুলি।পিছনের দিকটি নীচের দিকে নেমে গিয়ে বিমানবন্দর চত্বরের ভিতরে,জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামক একটি বহুতলের উপর ভেঙে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে,দুর্ঘটনাস্থলের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের চাকা ও বিভিন্ন অংশ। লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য একটি নম্বর খুলেছে এয়ার ইন্ডিয়া। ১৮০০৫৬৯১৪৪৪ এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য জানা যাবে বলে ঘোষণা করেছে উড়ান সংস্থা।







