
চারদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয়েছে ৯ বছরের এক নাবালকের দেহ। মৃত নাবালকের নাম ধনঞ্জয় দত্ত।
ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দক্ষিণ ২৪ রায়দিঘির ২৩ নম্বর লটের দত্তপাড়ার ঘটনা। পরিবার সূত্রে দাবি, ২৮ জানুয়ারি খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ধনঞ্জয়। অনেক খোঁজাখুঁজির পর রায়দিঘি থানাতে অভিযোগ জানানোর পাশাপাশি এলাকায় নিখোঁজ পোস্টারও দেওয়া হয়। শনিবার সকালে তার দেহ ভাসতে দেখা যায় স্থানীয় একটি পুকুরে। ঘটনাস্থল থেকে দেহ তুলে নিয়ে যায় রায়দিঘি থানার পুলিশ।
পরিবারের অভিযোগ, কেউ বা কারা মেরে ফেলার উদ্দেশ্যে এই দুষ্কর্ম ঘটিয়ে থাকতে পারে। পুলিশের দাবি, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
