
আর্থিক দুর্নীতি মামলায় অবৈধ বাংলাদেশি গ্রেফতারির ঘটনায় তৃণমূলকে বিঁধেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আহমেদ হোসেন আজাদ নামে ওই ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে এক্স হ্যান্ডেলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সেবা কেন্দ্রের ছবি পোস্ট করে লিখেছেন, রোহিঙ্গা এবং বাংলাদেশিদের স্বাগত। কোনও তথ্য লাগবে না, কোনও প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। তৃণমূল কংগ্রেস করলেই, ভারতের নাগরিকত্ব কনফার্ম। অন্যদিকে অনুপ্রবেশকারী ও জাল পাসপোর্ট মামলায় নদিয়ার চাকদহের তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দিব্যেন্দু রায়ের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করেছে ইডি। এর আগে জাল পাসপোর্ট কাণ্ডে নাম উঠে এসেছিল দিব্যেন্দু রায়ের।
দিন কয়েক আগেই তার ভাগ্নে দুলাল হালদারের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। তখনই দিব্যেন্দুর নাম জানতে পারেন তদন্তকারীরা।
