
রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক সাইকেল আরোহীর। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার খড়দহে।
এই ঘটনার পর বিদ্যুত দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, মৃত মহম্মদ আমিন, বছর ৫০ বয়স। বৃহস্পতিবার তিনি খড়দহ রহড়া কেরুলিয়া সাইবন রোড দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় বিদ্যুতের হাই টেনশন তার ছিঁড়ে রাস্তার উপর পড়েছিল। আর সেই তারেই বিদ্যুৎস্পষ্ট হয়ে যান তিনি। বিষয়টি দেখামাত্রই ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরাও।
স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই এই ঘটনা বলেই দাবি তাঁদের। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।









