
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা শাটডাউনের ঘোষণা করেছে আওয়ামী লিগ। দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রথম দিন ছিল রবিবার।
কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে। জনগণের কোনো ভ্রুক্ষেপ নেই। সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের দিকে ছুটেছেন শহরবাসী। রাজধানীর কাওরানবাজার, ফার্মগেট, বিজয় সরণি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গিয়েছে। গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক। সরেজমিনে দেখা গেছে, বিভিন্নস্থানে পুলিশি তৎপরতা যথেষ্ট রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিলো ১৩ নভেম্বর।
সেদিনটিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লিগ। ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লিগ অনলাইনে আবার শাটডাউন কর্মসূচির কথা বলছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
