
সীমান্তে উসকানি দেওয়ার অভিযোগ উঠছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি বিরুদ্ধে। বুধবার এই সমস্যা সমাধানেই আলোচনায় বসেছিল বিজিবি ও বিএসএফ। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, রাজশাহী ও মালদহ সেক্টরে সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না।
জানা গিয়েছে, সীমান্তে শান্তি বজায় রাখতে সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে বসে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী। বৈঠকে বিজিবির প্রতিনিধিদের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মহম্মদ ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে ছিলেন মালদহ সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। বৈঠকের পর বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিবৃতি দিয়ে জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে দু’পক্ষ একমত হয়েছে।
সেই সঙ্গে সীমান্তের যেকোনও সমস্যায় বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা, সংবাদমাধ্যমে গুজব না ছড়ানো, স্থানীয় জনগণের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান আটকানোর সিদ্ধান্তও নেওয়া হয় বলে জানান তিনি।







