
লক্ষ্মীর ভান্ডার থাকলেই মিলবে অন্নপূর্ণা ভান্ডার। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেছেন, যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে। তিনি আরও জানিয়েছেন, যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন। একইসঙ্গে ১ জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। যদিও, অগ্নিমিত্রা বলেছেন, এই মুহূর্তে বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
সরকারি বাসের যা পরিকাঠামো রয়েছে, সেটিই ব্যবহার করা হবে। জুন মাসে বাজেট পেশ করার পর কিছু নতুন বৈদ্যুতিক বাস কেনা হবে।





