
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছেন। সোশাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করেছেন রাজনাথ সিং। পশ্চিমবঙ্গের উন্নতি করতে পারেন একমাত্র শুভেন্দু অধিকারীই, সাক্ষাতের পর দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
সোশাল মিডিয়ায় রাজনাথ সিং লিখেছেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হল। রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর একজন ব্যক্তি তিনি। শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছনোর লক্ষ্যে কাজ করবেন বলেই আমি আত্মবিশ্বাসী। কী কথা হয়েছে দু’জনের তা অবশ্য এখনও জানা যায়নি।
একইসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। উপরাষ্ট্রপতি ও নীতিন নবীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের কর্মসূচি রয়েছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হতে চলেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ঋণের বোঝায় জর্জরিত , রাজ্যের আয়ের বড় অংশই চলে যাচ্ছে সুদ মেটাতে, ঋণ পরিশোধে।







