
কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির লড়াইয়ে নিজেদের আরও শক্তিশালী করতে ওপেনএআইয়ের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ও টেসলার প্রাক্তন এআই প্রধান আন্দ্রে কার্পেথিকে দলে নিয়েছে ক্লড নির্মাতা কোম্পানি অ্যানথ্রপিক।
ওপেনএআই থেকে একের পর এক শীর্ষ কর্তার বিদায়ের পর কার্পেথির এ দলবদল এআই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে দাবি করা হচ্ছে।এআই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে অ্যানথ্রপিকের জন্য এ পদক্ষেপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোশ্যাল মিডিয়ায় এক্স-এর এক পোস্টে কার্পেথি বলেছেন, আমার মনে হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম-এর এই অগ্রযাত্রায় আগামী কয়েকটি বছর গুরুত্বপূর্ণ ও গঠনমূলক হতে চলেছে। অ্যানথ্রপিকের দলে যোগ দিতে পেরে এবং আবারও গবেষণা ও উন্নয়ন কাজে ফিরে আমি দারুণ উৎসাহিত।জানা গেছে,অ্যানথ্রপিকের প্রি-ট্রেইনিং দলে যোগ দিয়েছেন তিনি। দলটি বড় পরিসরে ডেটা ট্রেনিংয়ের কাজ করে, যা ক্লড এআইয়ের মূল জ্ঞান ও কার্যসক্ষমতা তৈরি করে। এ সপ্তাহ থেকেই এ দলের প্রধান নিক জোসেফের অধীনে কাজ করবেন তিনি।এআই দুনিয়ায় প্রভাবশালী ব্যক্তিত্ব আন্দ্রে কার্পেথি ২০২২ সালে টেসলা ছাড়ার আগে কোম্পানিটির স্বচালিত গাড়ি ও এআই প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।টেসলা’তে যোগ দেওয়ার আগে কার্পেথি ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র জনপ্রিয় এআই বিজ্ঞানী ফেই-ফেই লি’এর অধীনে পড়াশোনা এবং পরবর্তীতে ওপেনএআইয়ের শুরুর দিকের অন্যতম কর্মী হিসেবে সেখানে কাজ করেছেন।
২০২৪ সালে ইউরেকা ল্যাবস নামের এক এআইভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছিলেন টেসলার প্রাক্তন এআই প্রধান আন্দ্রে কার্পেথি।
