
ভয়েস অ্যাসিস্ট্যান্স সিরিকে চালাতে ওপেনএআই বা অ্যানথ্রপিকের মতো প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। এমন পদক্ষেপকে কোম্পানিটির জন্য বড় এক পরিবর্তন হিসেবে দেখছেন অনেকে।বলা হচ্ছে,উন্নত বা নতুন ভার্শনের সিরি চালাতে নিজেদের তৈরি এআই প্রযুক্তির বদলে ওপেনএআই বা অ্যানথ্রপিকের এআই ব্যবহারের কথা বিবেচনা করছে অ্যাপল।
সপ্তাহের শুরুর দিকে অ্যাপলের শেয়ারের দাম কিছুটা কমে গেলেও সেই দাম আবার বেড়েছে। জানা যাচ্ছে, ওপেনএআই ও অ্যানথ্রপিকের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম সিরিতে ব্যবহারের জন্য দুটো কোম্পানির সঙ্গেই আলোচনা করছে অ্যাপল।এসব এআই মডেলকে এমনভাবে তৈরি বা প্রশিক্ষণ দিতে চাইছে অ্যাপল, যাতে এগুলো কোম্পানিটির নিজস্ব কম্পিউটার সিস্টেম বা ক্লাউড সার্ভারে চালানো ও পরীক্ষা করা যায়।তবে বিভিন্ন এআই মডেল নিয়ে থার্ড পার্টির সঙ্গে অ্যাপলের আলোচনা এখনও শুরুর দিকে রয়েছে এবং এসব এআই মডেল ব্যবহারের বিষয়ে কোম্পানিটি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে রাজি হয়নি অ্যামাজন সমর্থিত এআই স্টার্টআপ অ্যানথ্রপিক। অন্যদিকে অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল ও ওপেনএআই।এর আগে, মার্চে অ্যাপল বলেছিল, নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির এআই সিস্টেম উন্নত করতে ২০২৬ সাল নাগাদ সময় লাগতে পারে তাদের। তবে ওই সময় এ দেরির কারণ জানায়নি কোম্পানিটি।
