
কৃত্রিম বৃদ্ধিমত্তা বা এআইয়ের ক্ষতি ও অপব্যবহার ঠেকাতে একজন নতুন প্রধান কর্তা নিয়োগ করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। বর্তমানে কোম্পানিটির জন্য একজন নতুন হেড অফ প্রিপেয়ার্ডনেস বা, প্রস্তুতি বিষয়ক প্রধান খুঁজছে প্রযুক্তি কোম্পানিটি।
এ পদের মূল কাজ হবে ওপেনএআইয়ের বিভিন্ন এআই মডেলের সম্ভাব্য ক্ষতি ও সেগুলোর অপব্যবহার সম্পর্কে আগে থেকে ধারণা পাওয়া,যাতে কোম্পানির নিরাপত্তা কৌশল আরও উন্নত করা যায়। উল্লেখ্য,চ্যাটজিপিটি ব্যবহারের কারণে ইউজারদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার অসংখ্য অভিযোগ উঠেছে, যার মধ্যে আত্মহত্যায় প্ররোচনার কয়েকটি মামলাও রয়েছে। আর এ সময়ই কোম্পানিটির এমন নিয়োগের খবর এল।সোশ্যাল মিডিয়া এক্স-এ এক পোস্টে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, ২০২৫ সালে এআই মডেলের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব এবং অন্যান্য চ্যালেঞ্জ বা, সমস্যার আভাস পেয়েছেন তারা।চাকরির বিজ্ঞপ্তি অনুসারে, হেড অফ প্রিপেয়ার্ডনেস পদের বার্ষিক বেতন হবে ৫ লাখ ৫৫ হাজার ডলার। এর সঙ্গে থাকবে কোম্পানির শেয়ার বা ইক্যুইটির সুবিধাও।
এ পদের মূল দায়িত্ব হবে ওপেনএআইয়ের প্রিপেয়ার্ডনেস ফ্রেমওয়ার্ক বা প্রস্তুতিমূলক কাঠামোর কারিগরি কৌশল প্রণয়ন ও তা বাস্তবায়ন করা।কাঠামোটি মূলত এআইয়ের অত্যাধুনিক বিভিন্ন সক্ষমতা পর্যবেক্ষণ করবে এবং এর মাধ্যমে বড় ধরনের কোনো ক্ষতির ঝুঁকি তৈরি হলে তা ঠেকানোর জন্য কাজ করবে।









