
এআই প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়ে এবার সরাসরি হার্ডওয়্যারের দুনিয়ায় পা রাখতে চলেছে ওপেনএআই। ২০২৭ সালের শুরুতে কোম্পানিটির প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত স্মার্ট স্পিকার বাজারে আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা।
এআইচালিত একগুচ্ছ ডিভাইস তৈরির জন্য জোরালোভাবে কাজ করছে ওপেনএআই। যার মধ্যে রয়েছে স্মার্ট চশমা,স্মার্ট স্পিকার ও একটি স্মার্ট ল্যাম্প। এ প্রকল্পটি সফল করতে এআই কোম্পানিটির ২০০ জনেরও বেশি কর্মীর এক বিশেষ দল কাজ করে যাচ্ছে। প্রথম প্রোডাক্ট হিসেবে বাজারে আসতে পারে একটি স্মার্ট স্পিকার।এ স্পিকারে একটি ক্যামেরা থাকবে।এ ক্যামেরার মাধ্যমে ইউজার ও আশপাশের পরিবেশ সম্পর্কে আরও ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারবে।এ প্রকল্প সংশ্লিষ্ট একজন ব্যক্তি বলেছেন,স্পিকারটি এর আশপাশে থাকা টেবিলের ওপরের বিভিন্ন বস্তু চিনতে এবং কাছাকাছি চলা কথাবার্তাও বুঝতে পারবে।এ ছাড়া, এতে অ্যাপলের ফেস আইডি’র মতো চেহারা চেনার প্রযুক্তি থাকবে, যা ব্যবহার করে খুব সহজে কেনাকাটার পেমেন্ট বা লেনদেন সম্পন্ন করতে পারবেন ইউজাররা।এ স্পিকারটির দাম ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে হবে এবং ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসতে পারে। তবে ওপেনএআইয়ের এআইচালিত স্মার্ট চশমা ২০২৮ সালের আগে বাজারে আসার সম্ভাবনা নেই।
বর্তমানে স্মার্ট চশমার বাজার মেটার দখলে রয়েছে।স্মার্ট ল্যাম্প নিয়ে ওপেনএআই বলেছে, এর প্রাথমিক কিছু মডেল বা প্রোটোটাইপ তৈরি হলেও তা শেষ পর্যন্ত বাজারে আসবে কি না তা এখনও নিশ্চিত নয়।









