
গবেষক ও বিজ্ঞানীদের দীর্ঘদিনের জটিল বিভিন্ন কাজকে সহজ করতে নতুন অ্যাপ লঞ্চ করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।প্রিজম নামের নতুন অ্যাপটি,ক্লড কোড ও তাদের নিজস্ব কোডেক্স প্ল্যাটফর্ম যেভাবে প্রোগ্রামিংয়ের কাজকে সহজ করে দিয়েছে প্রিজমও বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ঠিক একই রকম বিপ্লব ঘটাবে বলে দাবি ওপেনএআই-র।
বলা হচ্ছে প্রিজম মূলত ক্রিক্সেট নামের ক্লাউডভিত্তিক,ল্যাটেক্স প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি, যা কিনে নেওয়ার ঘোষণা করেছে ওপেনএআই।উল্লেখ্য, ল্যাটেক্স হচ্ছে টাইপসেটিং সিস্টেম, যা বৈজ্ঞানিক গবেষণাপত্র ফরম্যাটিংয়ের কাজে ব্যবহৃত হয়।গোটা বিশ্বের প্রায় সব বিজ্ঞানীই ল্যাটেক্স ব্যবহার করেন। তবে এতে কিছু কাজ, যেমন,টিকজেড কমান্ড ব্যবহার করে ডায়াগ্রাম বা চিত্র আঁকা বেশ সময়সাপেক্ষ।এ ছাড়া, গবেষণাপত্র প্রকাশের প্রস্তুতির সময় বিজ্ঞানীর প্রয়োজন হয় এমন টুলের মধ্যে ল্যাটেক্স অন্যতম।এখানেই প্রিজম-এর বিশেষত্ব। আগের ক্রিক্সেট প্ল্যাটফর্মের মতোই এ অ্যাপটিতে শক্তিশালী ল্যাটেক্স এডিটিং সুবিধা ও ইন-বিল্ট এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আগে যেখানে ক্রিক্সেট-এর নিজস্ব ‘ক্রিপ এজেন্ট’ ব্যবহৃত হত এখন সেখানে জায়গা করে নিয়েছে জিপিটি-৫.২ থিংকিং।
ওপেনএআইয়ের একটি প্রেস ডেমোতে দেখা গেছে, এ মডেলটি কেবল গবেষণাপত্রের ফরম্যাট করতেই সাহায্য করে না, বরং কোম্পানিটির একজন কর্মী মডেলটি ব্যবহার করে নিজে গবেষণাপত্রের সঙ্গে প্রাসঙ্গিক বৈজ্ঞানিক তথ্য বা নিবন্ধ খুঁজে বের করার পাশাপাশি সেগুলো গবেষণাপত্রের সঙ্গে যোগ করছেন। শেষে যেসব তথ্যসূত্র থাকে তা স্বয়ংক্রিয়ভাবেই লিখে দিচ্ছে জিপিটি-৫.২।









