
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে জঙ্গিদমন অভিযান অপারেশন কেল্লার চলাকালীন উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ। পাওয়া গিয়েছে বেশ কিছু গ্রেনেড, রাইফেল, ম্যাগাজিন এবং প্রচুর কার্তুজও। মঙ্গলবারই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে।
অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি ওই তিন জঙ্গিরই। জঙ্গি গতিবিধির খবর পেয়ে মঙ্গলবার সোপিয়ানের শুরু কেল্লার এলাকায় জঙ্গলের মধ্যে অভিযান চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। অপারেশন কেল্লার-এ নিহত তিন জঙ্গির সঙ্গে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার যোগ রয়েছে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, নিহত তিন জঙ্গির মধ্যে দু’জনকে ইতিমধ্যে শনাক্ত করা গিয়েছে। মৃতদের নাম শাহিদ কুট্টে এবং আদনান শফি। দু’জনেই কাশ্মীরের স্থানীয় জঙ্গি বলে পুলিশ সূত্রে খবর। শাহিদের বাড়ি সোপিয়ানের হীরপোড়া এলাকায় এবং শফির বাড়ি একই জেলার ওয়ানদুনায়। তৃতীয় জঙ্গির শনাক্তকরণের প্রক্রিয়া এখনও চলছে। যদিও বাহিনীর তরফে সরকারি ভাবে এখনও পর্যন্ত ওই জঙ্গিদের লশকর যোগের কথা জানানো হয়নি।
২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হানার পরে শাহিদ এবং শফি উভয়েরই বাড়িতে ভেঙে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, শাহিদ গত তিন-চার বছর ধরে সক্রিয় জঙ্গি কার্যকলাপের জড়িত ছিল। শফি গত বছরের অক্টোবরে জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল।








