
পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে ফের একবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
সাংবাদিক বৈঠকে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের খোঁচা, প্রধানমন্ত্রী এমনভাব দেখাচ্ছেন যেন সৈন্যরা স্বার্থত্যাগ করেননি, পুরো অভিযানই করেছেন প্রধানমন্ত্রী মোদী স্বয়ং। কীভাবে পহেলগাঁও জঙ্গি হামলা হয়েছে, কেন গোয়েন্দা বাহিনীর কাজে এই বিষয়ে আগে থেকে কোনও খবর ছিল না, কেন্দ্রের কাছে এই বিষয়ে জানতে চাইছে পশ্চিমবঙ্গের শাসক দল।
সাংবাদিক বৈঠকে আরেক সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, অপারেশন সিঁদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযান ছিল, যা দেশের সেনাবাহিনী সাহসিকতা দেখিয়েছে। কিন্তু বিজেপি যা করছে, তা কোনওভাবে গ্রহণযোগ্য নয়।
