
দিল্লিতে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২৮৫ জন-কে। উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও মাদক। উৎসবের ভিড়ের মধ্যে অপরাধ প্রতিরোধের লক্ষ্যেই এই অপারেশন বলে জানা গিয়েছে।
অপারেশন আঘাত ৩.০ নামের এই অভিযানের উদ্দেশ্যই ছিল সংঘবদ্ধ অপরাধীদের পাশাপাশি বারবার আইন ভঙ্গকারীদের দমন করা। পুলিশ জানিয়েছে, অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন এবং জুয়া আইন-সহ বিভিন্ন ধারায় ২৮৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, নববর্ষের অনুষ্ঠানে সম্ভাব্য অপরাধ এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৫০৪ জনকে আটক করা হয়েছে।
জানা যাচ্ছে, দাগী অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালিয়ে ১১৬ জন তালিকাভুক্ত দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। এবং সেই অভিযান চলাকালীন পুলিশ পাঁচজন গাড়ি চোরকেও গ্রেফতার করেছে। অভিযানে ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ এবং ২৭টি ছুরি-সহ বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ মদের চালানও বাজেয়াপ্ত করেছে পুলিশ।







