
বিজেপি দেবতার পুজো করতে গিয়ে দরিদ্রদের পথে বসিয়েছে। তারই ফল এসেছে ভোট বাক্সে।
অযোধ্যা নিয়ে এমনই মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। লোকসভা নির্বাচনে অযোধ্যার রামভূমিতেই ধরাশায়ী হয়েছে বিজেপি। এর কারণ খুঁজতে গিয়ে যখন বিজেপি নেতারাও বিভ্রান্ত তখন উত্তর দিয়েছেন উত্তরপ্রদেশজয়ী অখিলেশ যাদব। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে অখিলেশ যাদব জানিয়েছেন, বিজেপি অযোধ্যায় সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। দেবতার পুজো করতে গিয়ে দরিদ্রদের পথে বসিয়েছে। তারই ফল এসেছে ভোট বাক্সে। উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা আরও কমার কথা ছিল।অখিলেশ যাদবের কথায়, অযোধ্যায় রামমন্দির করার জন্য বহু মানুষকে তাদের ভিটে মাটি থেকে উৎখাত করেছে বিজেপি। বাজার দরের থেকে অনেক কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে। এমনও হয়েছে, ১০০ বছর ধরে অযোধ্যার ওই এলাকার বাসিন্দাকে নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। তারাই বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন।
