
লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস সহ বিরোধী জোট ইন্ডিয়া। লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে মঙ্গলবার নো-কনফিডেন্স নোটিস জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা দেড়টার কিছু আগে লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস। এদিন লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে জমা পড়েছে এই অনাস্থা প্রস্তাব।
সূত্রের খবর, তাতে সই রয়েছে ১১৮ জন সাংসদের। যদিও প্রত্যাশিত ভাবেই সেখানে সই নেই তৃণমূলের। মহিলা সাংসদদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বিরোধী আট সাংসদকে অন্যায় ভাবে সাসপেন্ড করা, বিরোধীদের অধিবেশনে বলতে না দেওয়ার ক্ষেত্রে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। যদিও এনডিএ-এর তরফে পাল্টা প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের ভূমিকা নিয়ে।









