
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে তাঁর পদ থেকে সরাতে আবার প্রস্তুতি শুরু করেছে বিরোধীরা।
সূত্রের খবর, জ্ঞানেশ কুমার-কে সরানোর প্রস্তাব সংক্রান্ত ইমপিচমেন্ট নোটিস তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বিরোধী শিবিরে। তৃণমূলের সর্বোচ্চ সূত্রে খবর, শনিবার বিরোধীদের এক বৈঠকে এই সংক্রান্ত আলোচনাও হয়। জ্ঞানেশ কুমার-কে সরাতে আগেও উদ্যোগী হয়েছিল বিরোধীরা। তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে সংসদের দুই কক্ষে লিখিত প্রস্তাব জমা দিয়েছিলেন বিরোধী সাংসদেরা। তবে সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ।
আবার নতুন করে বিরোধীরা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিস পাঠানোর তোড়জোড় শুরু করেছে।








