
নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা যখন সাংসদ হিসাবে শপথ নিয়েছেন,তখনই সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী জোট, ইন্ডিয়া’র সাংসদেরা।
সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই সংবিধান বাঁচানোর দাবি তুলে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী সাংসদদের একাংশ। হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেসের সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, এনসিপি-র সুপ্রিয়া সুলেরা।অবশ্য তখন বিরোধী সাংসদদের একাংশ সংসদের ভিতরেই ছিলেন। সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন সাংসদ হিসাবে শপথ নিচ্ছেন,তখন বিরোধী বেঞ্চ থেকে নিট-নিট বলে স্লোগান ওঠে। প্রসঙ্গত, নেট এবং নিট-এ অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে চলতি অধিবেশনে সরব হওয়ার কথা আগেই জানিয়েছে বিরোধী শিবির। প্রোটেম স্পিকার নির্বাচন নিয়ে মতান্তরের জেরে সংসদে শপথগ্রহণের অনুষ্ঠান বয়কট করার কথা জানান ডিএমকে-র দলনেতা টিআর বালু, কংগ্রেসের কে সুরেশ এবং তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়।কেন সবচেয়ে বেশি বার জিতে আসা সাংসদ কংগ্রেসের কে সুরেশকে ওই দায়িত্ব না দিয়ে কটকের বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবকে দেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির।
