
মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে স্বাক্ষর করেছেন ১৯৩ জন সাংসদ। এর মধ্যে শুধু লোকসভাতেই স্বাক্ষর রয়েছে ১৩০ জন সাংসদের। রাজ্যসভাতেও সই করেছেন ৬৩ জনের বেশি।
বিধি অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চাওয়ার জন্য নোটিসে লোকসভায় অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর দরকার।একই সঙ্গে রাজ্যসভার ৫০ জনের স্বাক্ষর প্রয়োজন। জ্ঞানেশের অপসারণ চাওয়ার জন্য সংসদের উভয় কক্ষের মাপকাঠিই পূরণ করেছে বিরোধীরা। লোকসভায় তৃণমূলের উপদলনেতা শতাব্দী রায় জানিয়েছেন, জ্ঞানেশের অপসারণ চেয়ে ওই নোটিসে ১৩০ জন সাংসদ স্বাক্ষর করেছেন।শীঘ্রই এই নোটিস জমা পড়তে পারে সংসদের কোনও একটি কক্ষে। দাবি, এই প্রথম বার কোনও মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে নোটিস জমা প়ড়তে চলেছে সংসদে। জানা যাচ্ছে, তৃণমূল-সহ বিরোধী জোট,ইন্ডিয়া’র সব শরিক দলের সাংসদই স্বাক্ষর করেছেন এই নোটিসে। স্বাক্ষর করেছেন আম আদমি পার্টির সাংসদেরাও।উল্লেখ্য,সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের কোনও বিচারপতির অপসারণের যে প্রক্রিয়া, মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও প্রক্রিয়া সেই একই।
তবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা’য় সেই প্রস্তাব পাশ হতে হবে। প্রথমত,ওই কক্ষে মোট সাংসদের হিসাবে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।একই সঙ্গে কক্ষে উপস্থিত থেকে ভোটদানে অংশগ্রহণ করা সাংসদদের মধ্যেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার।






