
একতরফা ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন ওয়াকফ (সংশোধনী) বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। এই অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন জেপিসির সদস্য বিরোধী সাংসদেরা।
তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপ সাংসদ সঞ্জয় সিং, ডিএমকের মহম্মদ আবদুল্লা, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর আসাদউদ্দিন ওয়েইসি, কংগ্রেসের নাসির হুসেন এবং মহম্মদ জাভেদের মতো বিরোধী সাংসদেরা চিঠিতে লিখেছেন, যে কোনও উপায়ে ওয়াকফ বিল পাশের উদ্দেশ্যেই একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন জেপিসির চেয়ারম্যান। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের স্বেচ্ছাচারী আচরণের কারণে তাঁরা জেপিসি থেকে ইস্তফার মতো সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে।ওয়াকফ বিলের খসড়া নিয়ে প্রথম থেকেই টানাপড়েন শুরু হয়েছে সরকার ও বিরোধীদের মধ্যে। ২২ অক্টোবর জেপিসির বৈঠকে অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
তিনি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিতণ্ডার সময় জেপিসির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পালকে লক্ষ্য করে কাচের বোতল ভেঙে ছোড়েন বলে অভিযোগ।
ছবি সৌজন্যে : এক্স
