
কুর্সি বাঁচানো বাজেটে বিরোধিতায় বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভে উত্তাল সংসদ চত্বর।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বাজেট পেশ করার পর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা।
যেভাবে বাংলা-সহ একাধিক রাজ্যকে বঞ্চনা করে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করছে বিরোধী দলগুলি।এসবের মধ্যেই বুধবার সকালে সংসদের বাইরে একজোট হয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্য সাংসদরা বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি তারা স্লোগান দিয়েছেন লজ্জার জনবিরোধী বাজেট বলে।কংগ্রেস সভাপতি বলেছেন, এটি একটি ধ্বংসাত্মক বাজেট। এটি অন্যায়। এর বিরুদ্ধে প্রতিবাদ হবে।তাঁর দাবি, বাজেটে একাধিক রাজ্যের সঙ্গে অবিচার হয়েছে। সেই রাজ্যগুলি যাতে নিজেদের প্রাপ্য পায়, সে কারণেই তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন।বাজেট পেশ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। সেই বৈঠকেই স্থির হয়, সংসদ ভবন চত্বরে এই বিক্ষোভ কর্মসূচির বিষয়ে।
