
অস্কারের আয়োজক সংস্থা আগামী বছরে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য প্রথমবারের মতো অভিনয় ও চিত্রনাট্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কথা বলছে। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভিন্ন বিভাগে নতুন নিয়ম প্রকাশ করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিষিদ্ধ না করে মানবসৃষ্ট রচনার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
নতুন নিয়মে বহুল সমালোচিত আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এর আওতায় কান, ভেনিস এবং টরন্টোর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব থেকে শীর্ষ বাছাই পুরস্কার বিজয়ী চলচ্চিত্রগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিল্ম অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার বলেছেন, প্রতি বছরের মতো এবারও আমরা অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও প্রগতিশীল পরিবর্তন এনেছি বলে মনে করি। স্বাভাবিকভাবেই, অ্যাকাডেমি যেহেতু আরও বেশি বিশ্বজনীন হচ্ছে, তাই অস্কারের আলোচনায় আন্তর্জাতিক চলচ্চিত্রগুলোকে কীভাবে আমন্ত্রণ জানানো যায়, তা নিয়ে আমাদের ভাবতে হবে।
অস্কারের জন্য যোগ্যতার নিয়মাবলীর বার্ষিক পর্যালোচনার অংশ হিসেবে, একাডেমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতারা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ,এআই- এর উদ্বেগ নিয়ে কাজ করছে। নতুন নিয়মাবলীতে বলা হয়েছে যে, এই সরঞ্জামগুলো মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে সাহায্যও করে না বা ক্ষতিও করে না। এক্ষেত্রে একাডেমি ও এর প্রতিটি শাখা কোন চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে তা বেছে নেওয়ার সময় এর সৃজনশীল রচনার কেন্দ্রে মানুষের ভূমিকা কতটা ছিল তা বিবেচনায় নিয়ে কৃতিত্ব বিচার করবে। তারা এআই-এর ব্যবহার এবং মানবীয় রচনার প্রকৃতি সম্পর্কে চলচ্চিত্র নির্মাণকারী দলের কাছ থেকে আরও তথ্য চাওয়ার অধিকারও সংরক্ষণ করছে।
