
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ অস্কারে শেষ পর্যন্ত সবার নজর কেড়েছে পল থমাস অ্যান্ডারসনের সিনেমা,ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দু’টি ছবি, সিনার্স এবং লিওনার্দো ডি’ক্যাপ্রিয়োর, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।
এই দুটি ছবি ১৬টি বিভাগে মনোনয়ন পাওয়ায় বছরের সবচেয়ে আলোচিত ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। শেষপর্যন্ত সেরা ছবির ট্রফি জিতে নিয়েছে, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। একজন প্রাক্তন বিপ্লবীর সংগ্রাম আর আমেরিকার অভিবাসীদের কঠিন জীবনের গল্প তুলে ধরা এই সিনেমাটি সেরা চলচ্চিত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে অস্কার জিতে রাতটিকে নিজের করে নিয়েছে। জমকালো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। তার রসিকতা আর বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় শুরু থেকেই হাসি আর আনন্দে ভরে ওঠে পুরো অস্কার মঞ্চ। উইপনস সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন অ্যামি ম্যাডিগান।
এদিকে, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। একই সিনেমায় শক্তিশালী অভিনয়ের জন্য শন পেন জিতেছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার এবং ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস পেয়েছেন সেরা কাস্টিংয়ের অস্কার। অভিনয়ের প্রধান দুই বিভাগেও ছিল জমজমাট প্রতিযোগিতা। শেষ পর্যন্ত মাইকেল বি জর্ডান সেরা অভিনেতার অস্কার জিতে নিয়েছেন, সিনার্স ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য।
