
অন্যান্য দেশগুলি যখন যুদ্ধ করতে ব্যস্ত, তখন ভারত সকলকে একত্রিত করে এগিয়ে যেতে চায়। এমনটাই দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজস্থানের যোধপুরে বায়ু সেনাঘাঁটি থেকে চলতি তরঙ্গ শক্তি মহড়া পরিদর্শন করেছেন। অনুষ্ঠানেই রাজনাথ সিং বলেছেন, তরঙ্গ শক্তি হল বন্ধু দেশগুলির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার মাধ্যম। দেশের সামরিক ক্ষমতা প্রদর্শন এবং অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। একটা সময় ছিল যখন ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করত, কিন্তু এখন ৯০টি দেশে প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, ভারত প্রতিনিয়ত বৈদেশিক বৈঠকের মাধ্যমে বাকি দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে। তাদের সহযোগীতা একান্ত কাম্য। যখন অনান্য দেশগুলি একে অপরের সঙ্গে যুদ্ধ করতে ব্যস্ত, তখন ভারত সকলকে একত্রিত করে এগিয়ে যেতে চায়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যদি শান্তি সমঝোতা হয়, তাহলে তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে একমাত্র ভারতের।









