
কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণ ঘটনায় নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক। এই তথ্য নিশ্চিত করেছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস।
তারা আরও জানিয়েছে, এই ঘটনায় আহত সকলেরই শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং তাঁরা চিকিৎসাধীন। কাতারের জ্বালানি সংক্রান্ত মন্ত্রী এবং কাতার এনার্জি’র প্রধান সাদ আল-কাবি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে তাঁর মধ্যে ১২ জনই ভারতীয় এবং এক জন পাকিস্তানের নাগরিক। আহত হয়েছেন ৬৬ জন। তাঁরা সকলেই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।কর্তৃপক্ষ এই ঘটনাটিকে একটি প্রযুক্তিগত দুর্ঘটনা হিসাবে বর্ণনা করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
তবে এই বিস্ফোরণে প্রকৃতির কোনও ক্ষতি হয়নি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষের ঝুঁকিপূর্ণ কোনও গ্যাসও রাস লাফানে নিঃসরিত হয়নি। দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এই বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
