
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে বিজেপি সমর্থক মহিলাকে লাইটপোস্টে বেঁধে মার, চুল কেটে দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। ঘটনায় ১১ জনের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারিফউদ্দিন সর্দার নামে ওই অভিযুক্তর বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম এবং তাঁর স্বামীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। যদিও প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের দাবি তিনি অভিযুক্তদের চেনেন না।
মারধরের পর প্রকাশ্যে মহিলার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় বলে অভিযোগ। মহিলার দাবি গত বছর সেপ্টেম্বরে জমি নিয়ে ঝামেলার সূত্রপাত। এরপরেই তারওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
