
গত ২০ জুন থেকে বর্ষার জেরে বিভিন্ন ঘটনা, দুর্ঘটনায় হিমাচলপ্রদেশে প্রাণ হারিয়েছেন ২৯৮ জন। হিমাচল প্রদেশের রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, বৃষ্টির কারণে ধস, হড়পা বান, বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছেন ১৫২ জন।
আর ২০ জুন থেকে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৬ জন। ওই দুর্ঘটনার জন্যও পরোক্ষ ভাবে দায়ী ভারী বর্ষণই। মৌসম ভবন বলছে, সে রাজ্যে এখনই কমছে না বৃষ্টি। প্রায় সাতটি জেলার কিছু অংশে ৩০ অগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচলের বিলাসপুর, হামিরপুর, কাংড়া, কিন্নর, কুল্লু, মাণ্ডি, সিমলা, সোলান, উনা, সিরমোরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাণ্ডি, কুল্লু, উনা, চাম্বা, কাংড়ার সব স্কুল সোমবার বন্ধ রাখা হয়েছে। ৯৪১টি বিদ্যুতের ট্রান্সফরমার কাজ করছে না। বিভিন্ন এলাকায় জলও পৌঁছোয়নি।
শনিবার রাত থেকে হিমাচলের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাণ্ডোতে। সেখানে ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মাণ্ডি, কাসৌলিতেও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
