
চলতি বছরে জার্মানিতে তীব্র তাপপ্রবাহের জেরে ৫ হাজার ১২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশের জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট। সংস্থার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ সপ্তাহে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
আরকেআই-এর তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭০ জনের বয়স ছিল ৭৫ বছর বা তার বেশি। প্রবীণদের পাশাপাশি দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা ব্যক্তিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মহিলাদের মৃত্যুর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি, কারণ প্রবীণ জনগোষ্ঠীতে তাঁদের সংখ্যাই বেশি।
বিশেষজ্ঞদের মতে, সাপ্তাহিক গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছনোর পর থেকেই তাপজনিত মৃত্যুর হার দ্রুত বাড়তে শুরু করে। পশ্চিম ইউরোপে এবারের জুন মাস ছিল রেকর্ড উষ্ণতম, যার প্রভাব জার্মানি ছাড়াও ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেনে পড়েছে। এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
