
শিল্পপতিদের স্বার্থে উত্তর ও পশ্চিম ভারতের ফুসফুস হিসাবে বর্ণিত প্রাচীন আরাবল্লী পর্বতমালা ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি করেছে সরকার। কয়লা ও নির্মাণ শিল্পে ব্যবহৃত পাথরের অভূত ভাণ্ডার আরাবল্লীতে খননকার্য চালানোর আইনি পথ সুগম করা হয়েছে।
বিতর্ক চরম আকার নিতেই এবার এই ইস্যুতে মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে,খননকার্য হলেই ৯০ শতাংশ আরাবল্লী সুরক্ষিত থাকবে।আরাবল্লী ইস্যুতে তীব্র প্রতিবাদ ও বিতর্কের মাঝেই কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, আরাবল্লী পর্বতশ্রেণি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। আরাবল্লী অঞ্চলের পরিবেশের উপর এখনই কোনও বিপদের আশঙ্কা নেই। তাঁর মন্ত্রকের তরফের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অরণ্যের বিস্তৃতি, সংবেদনশীল অঞ্চল ও খননের উপর কড়া নজরদারির মাধ্যমে পাহাড়গুলিকে সুরক্ষিত রাখা হবে। সম্প্রতি এই বিষয়ে এক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আরাবল্লী পাহাড়ের ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশপাশের ঢাল, সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
যার অর্থ এটাই যে ১০০ মিটারের কম পাহাড়গুলির সংরক্ষণের আওতায় থাকবে না। অথচ দাবি করা হয়, আরাবল্লীর ৯০ শতাংশ পাহাড়ের উচ্চতা ১০০ মিটারের নিচে। এই ঘটনায় ফুঁসে উঠেছে হরিয়ানা, রাজস্থান, গুজরাটের পরিবেশপ্রেমী নাগরিকরা।





