
গত নির্বাচনে ২০, এবার ২৫। বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর এবার স্বতন্ত্র ভাবে ২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এআইএমআইএম।
যার মধ্যে দুজন অমুসলিম প্রার্থীও রয়েছে। রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছেন এআইএমআইএম -র প্রধান আসাউদ্দিন ওয়েইসি। তিনি বলেছেন, এই হল বিহার বিধানসভা নির্বাচনে এআইএমআইএম প্রার্থীদের নাম। ইনশাআল্লাহ, আমরা আশা করছি বিহারের সবচেয়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠব। এই তালিকাটি এআইএমআইএম বিহার ইউনিট তৈরি করেছে এবং এই বিষয়ে দলের জাতীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হয়েছে। ওয়েইসি আরও দাবি করেন , বহুদিন বিহারের রাজনীতি দ্বিমুখী, বিহারে তৃতীয় বিকল্প তৈরির চেষ্টা করছে এআইএমআইএম।
বহুদিন ধরে সেখানে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস-আরজেডি জোট। শেষ ২০২০ নির্বাচনে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বিএসপি এবং উপেন্দ্র কুশওয়াহার প্রাক্তন দল আরএলএসপি-র সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ে এআইএমআইএম। যেখানে মাত্র ৫ আসনে জেতে ওয়েইসির দল।





