
চিনের সামরিক মহড়ার ছবিকে ভারতের বিরুদ্ধে সাফল্যের প্রমাণ হিসাবে তুলে ধরার চেষ্টা করায় পাকিস্তানকে তীব্র কটাক্ষ করেছেন হায়দরাবাদের মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। জানা গিয়েছে, রবিবার শেহবাজ শরিফকে বুনিয়ান-উল-মারসুস অভিযানের একটি ছবি উপহার দিয়েছেন পাক সেনাপ্রধান।
সেই পাকিস্তানের ছবি চুরি নিয়ে খোঁচা দিতে গিয়ে কুয়েতে গিয়ে এআইএমআইএম সাংসদ বলেছেন, চিনের সামরিক মহড়ার ছবিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধজয়ের ছবি বলে চালাচ্ছে। এই বোকা ভাঁড়গুলো আবার ভারতের সঙ্গে পাল্লা দিতে চায়। আসলে টুকতে গেলেও তো কিছুটা বুদ্ধি দরকার, ওদের সেটাও নেই। পাকিস্তান যা বলে তার একবিন্দুও বিশ্বাস করা যায় না। এদিকে, সিঙ্গাপুরে গিয়ে সেখানকার ভারতীয় উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তাঁরা পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, অপারেশন সিন্দুর এবং সন্ত্রাস দমন নীতিতে নতুন স্বাভাবিকতার পর ভারতের অবস্থান সম্পর্কে অবহিত করেছেন।
অন্যদিকে, পাকিস্তানের জঙ্গি নীতির ছবি বিশ্বের কাছে উন্মোচিত করতে ভারতীয় প্রতিনিধিদল কঙ্গোর বিদেশ মন্ত্রী থেরেসে কায়িকওয়াম্বা ওয়াগনারের সঙ্গে একটি বৈঠক করেছে। উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ এস এস আলুয়ালিয়া। এদিকে, ফ্রান্সে ভারতীয় বংশোদ্ভুতদের কাছে পাকিস্তানের জঙ্গি নীতির তথ্য প্রকাশ করেছেন ভারতীয় প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
