
প্যাকেটবন্দি খাবারে চিনি, নুন, ফ্যাটের মাত্রা এবার থেকে আরও স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। এই সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা এবং মান বিষয়ক কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন এই সংস্থা জানিয়েছে, যে কোনও প্যাকেটবন্দি খাবারের ক্ষেত্রে তার পুষ্টিগুণ বড় এবং মোটা হরফে প্যাকেটে উল্লেখ করতে হবে প্রস্তুতকারককে। গ্রাহকেরা যাতে খাবারের পুষ্টিগুণ সম্পর্কে আরও বেশি করে সচেতন হন, তার জন্যই এই প্রস্তাব রাখা হয়েছিল এফএসএসএআই-এর কাছে। কর্তৃপক্ষ তাতে সায় দিয়েছেন।কোন খাবারে ফ্যাটের পরিমাণ কত, কোন খাবারে চিনি বেশি রয়েছে, অনেক ক্ষেত্রেই তা না জেনে কিনে ফেলেন সাধারণ গ্রাহকেরা। খাবারের প্যাকেটে নাম, দাম কিংবা ছাড়ের কথা যে ভাবে লেখা থাকে, পুষ্টিগুণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সে ভাবে লেখা থাকে না। অনেক ক্ষেত্রেই প্যাকেটে তা ছোট করে লেখা হয়। ফলে সহজে চোখে পড়ে না গ্রাহকদের। এর ফলে সাধারণ মানুষের মধ্যে অসংক্রামক বিভিন্ন ব্যাধির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাঁরা প্যাকেটবন্দি খাবার কেনার সময়ে যাতে আরও ভাল করে পুষ্টিগুণ বিবেচনা করতে পারেন, খাবারের বিষয়ে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত।
