
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় থমকে গিয়েছিল পর্যটনের চাকা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ফিরছেন পর্যটকরা। সেই ছবিই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সেই অভিজ্ঞতা শেয়ার করে মুখ্যমন্ত্রী ওমর লিখেছেন পহেলগাঁও এত ফাঁকা ছিল যে গতবার সাইকেল চালিয়েছিলেন। এবার গমগম করছে ওই এলাকা।
দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা জায়গা ভাগ করে নিচ্ছেন স্থানীয় পিকনিক করতে আসা মানুষদের সঙ্গে। ঠান্ডা আর বষ্টিমুখর আবহাওয়ার আনন্দে মেতে উঠেছেন সকলে। তিনি আরও লিখেছেন, তিনি ও তাঁর সহকর্মীরা যে চেষ্টা করে যাচ্ছেন, ধীরে ধীরে তার ফল মিলছে। জঙ্গি হামলার পর উপত্যকার ৪৮ টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল প্রশাসন।
মে মাসে ৮০ শতাংশ হোটেল বুকিং বাতিল হয়ে যায়। পর্যটকশূন্য উপত্যকা থেকে সরে যেতে বাধ্য হন ব্যবসায়ীরা। সেই পরিস্থিতি সামাল দিতেই মে-র শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীরা শ্রীনগর ছেড়ে পহেলগাঁওয়ে একটি মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেন। সেই সময় থেকেই পর্যটকদের আশ্বস্ত করার কাজ শুরু করে প্রশাসন।
