
পহেলগাঁওয়ে জঙ্গি হানা এবং পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে আগামী সপ্তাহেই সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা হতে পারে।
এমনটাই খবর সূত্র মারফত। জানা গিয়েছে, লোকসভায় আলোচনা হতে পারে আগামী ২৮ জুলাই। রাজ্যসভায় আলোচনা হবে পরের দিন, অর্থাৎ ২৯ জুলাই। পহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য দুই কক্ষেই ১৬ ঘণ্টা করে বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। বিরোধীদের দাবি, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে উপস্থিত থাকেন। কিন্তু তা আদৌ ঘটবে কি না, এখনও স্পষ্ট নয়। সূত্রের দাবি, আলোচনায় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকারই কথা। বুধবার তিনি চার দিনের বিদেশ সফরে বেরিয়েছেন। তিনি ফিরে আসার পরে যাতে আলোচনায় যোগ দিতে পারেন, তা মাথায় রেখেই সূচি তৈরি করা হয়েছে। বুধবার রাজ্যসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটি’র বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি।
তিনি বলেছেন, বিরোধীদের দাবি ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে আলোচনার সময় হাজির থাকেন। সরকারপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।








