
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার নেপথ্যে ভারতের মদত রয়েছে বলে দাবি করেছিল ইসলামাবাদ। পাকিস্তানি সেনাবাহিনীর সেই বিবৃতি খারিজ করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারত।
বিদেশমন্ত্রকের তরফে পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, ২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার বিষয়ে পাক সেনার সরকারি বিবৃতিকে দেখে অবজ্ঞার সঙ্গে খারিজ করা হচ্ছে। কারণ, সেটি অবজ্ঞারই যোগ্য। ওয়াজিরিস্তানের হামলায় পাক সেনাবাহিনীর ১৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে। অভিযোগ, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আচমকা সেনা কনভয়ে ঢুকে পড়েছিল আত্মঘাতী জঙ্গি।
মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। এই ঘটনায় ১৩ জনের মৃত্যুর পাশাপাশি আহতও হয়েছেন অনেকে। আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে তেহরিক-ই-তালিবান পাকিস্তান ওই এলাকায় সক্রিয় বলে জানা গিয়েছে।








